সবখানে মোর ঘর আছে, আমি সেই ঘর ফিরি খুঁজিয়া—
এই পঙক্তির মর্মার্থ যেন ঘুরেফিরে ধরা দেয় আনবাড়ি উপন্যাসে। এটি মূলত এক খোঁজার গল্প—স্থির হয়ে থিতু হওয়ার, নিজের জন্য একটুখানি জায়গা করে নেওয়ার। প্রথম প্রজন্মের অভিবাসী রিনা—যে কোথাও পুরোপুরি মিশে যেতে পারে না, আবার কোনো জায়গাই তাকে পুরোপুরি আপন করে না—তার বয়ানেই আবর্তিত হয়েছে উপন্যাসটি।
রিনা ও রাসেলের পরিচয়, প্রেম, দাম্পত্যজীবন এবং পরিণতিতে বিচ্ছেদ—এই অন্বয়ের মধ্য দিয়ে গড়ে উঠেছে কাহিনি। শুরুটা ছিল এক স্বপ্নময় পর্ব—যেখানে রিনার চোখে পৃথিবী ধরা দেয় এক মোহনীয়, উচ্ছল ও প্রাণবন্ত রূপে। রাসেলের ভালোবাসার টানে রিনা মেলবোর্ন থেকে পাড়ি জমায় সিডনিতে, তারপর সেখান থেকে অকল্যান্ড, নিউজিল্যান্ডে—যেখানে তারা শুরু করে যৌথ জীবন।
অকল্যান্ডের রোদ, বাতাস, আর বৃষ্টির গন্ধে আলোড়িত হয় রিনা। এই শহরে দারিদ্র্য থাকলেও দুঃখ নেই। জীবনের ক্ষণিক সুখের টুকরোগুলো ছুঁয়ে যায় তাদের দুজনকে। পাঠকের সঙ্গে নিজের গল্প ভাগ করে নিতে নিতে রিনা এক পর্যায়ে বলে ওঠে, "আহারে! তবু সব কিছুই শেষ হয়ে যায়—অশেষ কুমড়া, আড্ডা, প্রেম এবং রবিবার।"
তবে সম্পর্কের ভেতরও জন্ম নেয় চিড়। মানসিক টানাপোড়েনে ক্লান্ত হতে থাকে রিনা, হতাশা তাকে গ্রাস করে। নিঃসীম এক অন্ধকারে ডুবে যেতে থাকে সে। বিচ্ছেদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে এবার পৌঁছায় নতুন শহর ওয়েলিংটনে—যেখানে তার কোনো স্মৃতি নেই, কোনো ছায়াও না।
তবু স্মৃতি সহজে পিছু ছাড়ে না।
আনবাড়ি—বিচ্ছিন্নতার সমুদ্রে ভেসে চলার মাঝেও ক্ষণিক আলো খুঁজে পাওয়ার গল্প। বন্ধুত্বের আশ্রয় খোঁজার, আবার ভিড়ের মধ্যেই হারিয়ে যাওয়ার গল্প। এটি সেই চিরন্তন যাত্রার প্রতিচ্ছবি, যে যাত্রায় গন্তব্য কখনোই পুরোপুরি ধরা দেয় না।
নাম :আনবাড়ি
লেখক: লুনা রুশদী
প্রকাশনী: : কথাপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : 96
ভাষা : bangla
ISBN : 978-984-96642-9-1
বান্ডিং : hard cover
প্রথম প্রকাশ: 2025
আমরা ৫০০৳ বা তার বেশি মূল্যের সকল অর্ডারে ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারি অফার করি। স্ট্যান্ডার্ড ডেলিভারি সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।
আপনি ডেলিভারির ৭ দিনের মধ্যে যেকোনো নতুন, আনঅপened বই ফেরত দিতে পারেন। বইটি যদি ক্ষতিগ্রস্ত বা ভুল বই হয়ে থাকে, আমরা সম্পূর্ণ রিফান্ড দেব এবং রিটার্ন শিপিং খরচ বহন করব।